যুক্তরাষ্ট্রর সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরান। দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ কঠোর অবস্থানের কথা জানান।এর আগে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, ওমান-এর মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লারিজানির বক্তব্যের পর সেই গুঞ্জন কার্যত নাকচ হয়ে গেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা ক্রমেই বাড়ছে। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে এ হামলা চালানো হয়। দেশটির চিকিৎসা সূত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বৈরুত সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ পরিস্থিতিকে ‘প্রক্সি সংঘাত’ হিসেবে উল্লেখ করে দেশকে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।এর আগে সোমবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করে ইসরায়েল। সতর্কবার্তায় বলা হয়, হিজবুল্লাহর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে খোলা স্থানে অন্তত এক হাজার মিটার দূরে সরে যেতে বলা হয়েছে।এ ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এক জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ছয় সদস্য দেশ জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলা নিয়ে মার্কিন জনমতের চিত্র উঠে এসেছে রয়টার্স/ইপসস জরিপে। জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন, আর ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। এছাড়া প্রায় ৫৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারে অতিরিক্ত আগ্রহী।সূত্র: রয়টার্স
দ্য মিডিয়া ডেস্ক 





















