চুনাপাথরে তৈরি এই দুটি গুহার গভীরতা মাটি থেকে ৬ হাজার ৫৬০ ফুটের বেশিপৃথিবীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গুহা, যেগুলো মাটির নিচে অনেক গভীর পর্যন্ত চলে গেছে। এর মধ্যে অনেক গুহার রয়েছে আলাদা বিশ্ব রেকর্ড। কেন্টাকির একটি গুহা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ গুহাব্যবস্থা। ভিয়েতনামের একটি গুহা সবচেয়ে বড় গুহা। আর মেক্সিকোর একটি গুহা পৃথিবীর দীর্ঘতম পানির নিচের গুহা। কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর গুহা কোনটি? আর সেই গুহায় কোন অদ্ভুত প্রাণীরা বাস করে?
তবে এই প্রতিযোগিতায় একক কোনো বিজয়ী নেই। বরং দুটি গুহা পর্যায়ক্রমে পৃথিবীর গভীরতম গুহার রেকর্ড নিজেদের দখলে রাখছে। এই গুহা দুটি হলো ভেরিওভকিনা ও ক্রুবেরা-ভোরোনিয়া। দুটি গুহাই জর্জিয়া প্রজাতন্ত্রের আবখাজিয়া অঞ্চলের গাগ্রা পর্বতমালায় অবস্থিত।
চুনাপাথরে তৈরি এই দুটি গুহার গভীরতা মাটি থেকে ৬ হাজার ৫৬০ ফুটের বেশি। অভিযাত্রী ও বিজ্ঞানীরা যখন এই গুহাগুলোর ভেতরে নতুন কোনো পথের সন্ধান পান, তখনই এর গভীরতার পরিমাপ ও রেকর্ড নতুন করে হালনাগাদ করা হয়।
ন্যাশনাল পার্ক সার্ভিসের পানিবিজ্ঞানী ও ভূতত্ত্ববিদ পল বার্গারের তৈরি করা বিশ্বের গভীরতম গুহাগুলোর তালিকা অনুযায়ী, বর্তমানে শীর্ষ স্থানটি রয়েছে ভেরিওভকিনা গুহার দখলে। এর গভীরতা প্রায় ৭ হাজার ২৫৭ ফুট বা ১ দশমিক ৩৭ মাইল। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে থাকা ক্রুবেরা গুহার গভীরতা ৭ হাজার ২১৫ ফুট।
তবে এই দুটি গুহার গভীরতার পার্থক্য এত কম, যেকোনো সময় রেকর্ড ওলটপালট হতে পারে। গবেষকেরা জানান, এত গভীরে গিয়ে খাড়া বা উল্লম্ব পরিমাপ করার সময় সাধারণত কয়েক ফুট পর্যন্ত ভুল বা ত্রুটি হতে পারে। তাই নতুন তথ্য কীভাবে বিশ্লেষণ করা হচ্ছে, তার ওপর ভিত্তি করে প্রথম ও দ্বিতীয় স্থান প্রায়ই অদলবদল হয়।
কীভাবে তৈরি হলো এই অতল গুহা? এই দুটি গুহাই ককেশাস পর্বতমালার আরাবিকা ম্যাসিফ নামের একটি বিশেষ কার্স্ট অঞ্চলে অবস্থিত। কার্স্ট হলো এমন এক ধরনের ভূপ্রকৃতি বা ল্যান্ডস্কেপ, যা মার্বেল, জিপসাম কিংবা সহজে গলে যায় এমন চুনাপাথর দিয়ে তৈরি হয়।
সূত্র: মূল সংবাদ পড়ুন
দ্য মিডিয়া ডেস্ক 






















