চতুল (বোয়ালমারি), ফরিদপুর | ২৫ মার্চ ২০২৬:
ফরিদপুরের বোয়ালমারি উপজেলার চতুল এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু (৫২) এবং অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ছোট ভাইয়ের গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে এ বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মিন্টুর ওপর গুলি চালান।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় ক্ষুব্ধ জনতা তার ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জমিজমা সংক্রান্ত বিরোধ ছাড়াও ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দ্য মিডিয়া ডেস্ক 








